যশোরে চোরাই ইজিবাইক ও প্রাইভেটকারসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়ায় রোববার রাতে অভিযান চালিয়ে ৩টি চোরাই ইজিবাইক উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় চোরচক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, রামনগর ধোপাপাড়ার ইমান আলীর ছেলে রায়হান (২৫) ও গোপালপুর গ্রামের তাহের আলী গাজীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)
ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া মোড় থেকে জনৈক করিম শেখের ১টি এবং ২৮ সেপ্টেম্বর শহরের কুইন্স হসপিটালের পাশ থেকে ঝুমঝুমপুরের আব্দুর রহমান শেখের ছেলে কামরুল হাসানের ১টি ইজিবাইক চুরি হয়। এছাড়া আরও ইজিবাইক চুরির অভিযোগ পেয়ে চোরচক্রের সদস্যদের আটকে অভিযান শুরু করা হয়। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত ৯টার দিকে রামনগর ধোপাপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সেখানকার ৩টি চার্জিং পয়েন্ট থেকে ৩টি চোরাই ইজিবাইক উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। তিনি জানান, ইজিবাইক চুরির সাথে জড়িত উল্লিখিত ২ জনকে সেখান থেকে তারা আটক করেছেন। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে এর মধ্যে আবু বক্কর সিদ্দিক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জুিডসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ তার জবানবন্দি গ্রহণ করেন।