যশোরে ঘন কুয়াশায় বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ১ আহত ৯

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে ১ জন নিহত ও নারী-শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রোববার সকালে সাড়ে ৮টায় সদর উপজেলার পাঁচবাড়িয়ায় প্রাণিসম্পদ গবেষণা কার্যালয়ের সামনে মাগুরা সড়কে এ ঘটনা ঘটে। এসময় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল চতুর্দিক।
যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, হতাহতরা সকলে থ্রি-হুইলারের যাত্রী। তাদের বাড়ি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সরইডাঙ্গা গ্রামে। তারা পরস্পরের আত্মীয়। হতাহতদের মধ্যে একাধিক একই পরিবারের সদস্য রয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হারুন বিশ্বাস (৪৫) সরইডাঙ্গা গ্রামের আহাদ আলী বিশ্বাসের ছেলে।
আহতরা হচ্ছেন নিহত হারুনের ভাই ফারুক বিশ্বাস (৪৩), বাচ্চু বিশ্বাস (৫৪), তার স্ত্রী রোজিনা বেগম (৪০), ছেলে আবু বক্কার (৮), সফিয়ার বিশ্বাসের ছেলে লিটন (৩৫), আশা বিশ্বাসের স্ত্রী নাসিমা বেগম (৪৫), থ্রি-হুইলার চালক শামিম হোসেন (৩৪), কাশেম বিশ্বাসের ছেলে ফারুক (৩৪) ও রমজান বিশ্বাসের ছেলে বাবুর আলী (৪৫)।
আহত বাবুর আলী জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ভোরে তাদের এক ভগ্নিপতির সংবাদ পেয়ে তারা ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা হালসায় যাচ্ছিলেন থ্রি-হুইলার রিজার্ভ করে। যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি বাসের সাথে তাদের থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে হারুন বিশ্বাস নামে এক জনের মৃত্যু হয়। আহত হয়েছেন শিশু ও দুই নারীসহ ১৪ জন জন। তাদের মধ্যে ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হারুনের মরদেহ হাসপাতাল মর্গে নিয়েছে পুলিশ।