যশোরে কাস্টমস অফিসে দরপত্র দাখিলে বাধা, একজনকে অপহরণ করে মারধর

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার যশোরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসে ব্যাগেজ স্ক্যানিং মেশিন ক্রয় ও স্থাপনের দরপত্র দাখিলে বাধা প্রদানসহ একজন ঠিকাদারকে অপহরণ করে মারধর করেছে সন্ত্রাসীরা। মেহেদী হাসান স্বপন নামে ওই ঠিকাদারকে দুপুরে কাস্টমস অফিসের সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান মৌখিক অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন। মাগুরার শালিখা উপজেলার সীমখালী বাজার এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে ঠিকাদার মেহেদী হাসান স্বপনের লিখিত অভিযোগে জানা যায়, দর্শনা শুল্ক স্টেশনের জন্য একটি স্ক্যানিং মেশিন ক্রয় ও স্থাপনের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিস থেকে এক কোটি ২০ লাখ টাকার দরপত্র আহবান করা হয়। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছিল দরপত্র জমা প্রদানের শেষ দিন। কিন্তু এর আগেরদিন ১৭ ফেরুয়ারি সন্ত্রাসী রাকিব হাসান শাওন ঠিকাদার ফজলুল হক ও মেহেদী হাসান স্বপনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোনে হুমকি দেন। তাদেরকে দরপত্র দাখিল করতে নিষেধ করা হয়। তবে তাদের নিষেধ উপেক্ষা করে তিনি (মেহেদী হাসান স্বপন) ১৮ ফেব্রুয়ারি দুটি দরপত্র জমা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাওনসহ ৭-৮ জন দুপুরে তাকে কৌশলে কাস্টমস অফিস থেকে বাইরে বের করে এনে একটি জিপ গাড়িতে তোলেন। এরপর ঝুমঝুমপুর ময়লাখানার একটি মেহগনি বাগান এলাকায় আটকে রেখে তাকে হকিস্টিক দিয়ে বেদম মারপিট করে ছেড়ে দেয়া হয়। পরে তিনি যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। থানাও অভিযোগ করেছেন।
এদিকে যোগাযোগ করা হলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের জানান, ১৪টি দরপত্র বিক্রি হলেও ৫টি জমা পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে-এটুজেড গ্লোবাল, ফাইভআর অ্যাসোসিয়েট, দারবাল কার্পোরেশন, ল্যাবকেয়ার ও এসএম কর্পোরেশন। পুলিশ প্রহরায় দরপত্র জমা নেয়া হয়েছে। কোন বাধা আসেনি। তবে অফিসের বাইরে থেকে ঠিকাদার অপরহণের বিষয়ে কেউ তাদের অবহিত করেননি। কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান এ বিষয়ে জানান, তিনি এ সংক্রান্ত মৌখিক অভিযোগ পেয়েছেন। তবে লিখিত অভিযোগ পাননি। অন্যদিকে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কাস্টমস অফিসের বাইরে কয়েকজন যুবককে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে এ প্রতিনিধি কাস্টমস অফিসে ঢুকতে গিয়ে গেটে বাধা পান। এক যুবক এ প্রতিনিধিকে ঠিকাদার ভেবে কৌশলে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে গেটে কর্তব্যরত একজন আনসার সদস্য দাঁড়িয়ে এ দৃশ্য দেখলেও কোন পদক্ষেপ নেননি। তবে ওই যুবক তার নাম রুবেল হোসেন বলে জানান। বাড়ি মোল্লাপাড়ায় বলে দাবি করেন। দরপত্র দাখিলকে কেন্দ্র করে কাস্টমস অফিসে একজন এসআইসহ ৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকলেও তাদের তিনতলায় দরপত্র দাখিলের বাক্সের কাছে বসে থাকতে দেখা যায়। পরে সার্বিক বিষয়ে কাস্টমসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দরপত্র দাখিলে বাধা প্রদানের বিষয়ে অবহিত নন বলে জানান। এক প্রশ্নের জবাবে কাস্টমসের ওই কর্মকর্তা স্ক্যানিং মেশিন ক্রয় ও স্থাপনের প্রাক্কলন মূল্য জানাতে অপরাগতা প্রকাশ করেন। তবে তিনি জানান, ৫টি দরপত্র দাখিল হয়েছে। এর মধ্যে সর্বনি¤œ দরদাতার মূল্য ৭২ লাখ টাকা। কিন্তু তিনি সর্বনি¤œ দরদাতার নাম বলতে পারেননি। এদিকে মেহেদী হাসান স্বপনকে যারা অপহরণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম সুজন বলে জানা গেছে। পুলিশ তাকে আটক করেছে বলে গুঞ্জন রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তাকে আটকের সত্যতা স্বীকার করা হয়নি।