যশোরে ‘কালব’-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা ও অভিনন্দন জানাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে যশোর শহরের হোটেল অরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কালবের “গ” অঞ্চলের সদস্য ক্রেডিট ইউনিয়নসমূহ।

অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে লাল গালিচায় বরণ করে নেওয়া হয় আগত অতিথিদের। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পরে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাদের হাতে শুভেচ্ছা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়।

নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন, আগস্টিন পিটার ডি’কোস্টা (চেয়ারম্যান), লায়লা আখতার মোসলেম, নরেশ চন্দ্র বিশ্বাস, জিয়াউর রহমান, রেজাউল করিম, মতিউর রহমান, শেখ শহিদুল ইসলাম, ফখরুল নজরুল ইসলাম, রঞ্জন চন্দ্র রায়, অনিল পিটার কস্তা, পুলক দাস এবং উজ্জ্বল কুমার দে।

সংবর্ধনা অনুষ্ঠানে কেক কাটা, নৃত্য ও সঙ্গীত পরিবেশনসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের সদস্য, কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বক্তারা নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সফলতা কামনা করে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।