যশোরে একদিনে ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫১ জন

0

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জন। এর মধ্যে ১২৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (গত ২৪ ঘণ্টা) অভয়নগর উপজেলায় ৬ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এই উপজেলায় এ বছর মোট আক্রান্ত ৭০ জন। এছাড়া, কেশবপুর ও শার্শা উপজেলায় দুজন করে মোট ৪ জন আক্রান্ত হয়েছেন, যা নিয়ে কেশবপুরে মোট আক্রান্ত ১১ জন এবং শার্শায় ১৬ জন।

একইভাবে, ঝিকরগাছায় গত ২৪ ঘণ্টায় ১ জন নতুন রোগী নিয়ে মোট আক্রান্ত ৬ জন, চৌগাছায় ১ জন নতুন রোগী নিয়ে মোট আক্রান্ত ১১ জন, এবং যশোর ২৫০ শয্যা হাসপাতাল এলাকায় দুজন নতুন রোগী নিয়ে মোট আক্রান্ত ২৫ জন। বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় কোনো নতুন রোগী শনাক্ত না হলেও, এ পর্যন্ত বাঘারপাড়ায় ৫ জন এবং মনিরামপুরে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জানিয়েছেন, বর্তমানে ২৫০ শয্যা হাসপাতালে ৬ জনসহ মোট ২১ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।