যশোরে উড়ন্ত ছিনতাইকারীদের কবলে নবদম্পতি

0

স্টাফ রিপোর্টার ॥ সোমবার প্রকাশ্য দিবালোকে যশোর সদর উপজেলার আরবপুর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে উড়ন্ত ছিনতাইকারীদের কবলে পড়েন এক নবদম্পতি। রিকাশা আরোহী ওই দম্পতিকে চাকুর ভয় দেখিয়ে ছিনতাইকারীরা নগদ ১৫ হাজার টাকা এবং মালয়েশিয়ান ১ হাজার রিংগিত ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
বাঘারপাড়া উপজেলার মামুদালীপুর গ্রামের হেকমত আলী মন্ডলের ছেলে আবু তাহের থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন। গত ১ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন এবং ৪ দিন আগে বিয়ে করেছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে স্ত্রী মারিয়া খাতুনকে সাথে নিয়ে তিনি রিকশাযোগে আরবপুর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ২/৩ জন ছিনতাইকারী দুটি মোটরসাইকেলযোগে (একটি মোটরসাইকেলের নম্বর যশোর-ল-১৬-৮৭২৮) সেখানে এসে রিকশার গতিরোধ করে। তারা চাকুর ভয় দেখিয়ে আবু তাহেরের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, মালয়েশিয়ান ১ হাজার রিংগিত ও ২টি সিমকার্ড ছিনতাই করে নেয়। এছাড়া তারা তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধর করতে উদ্যত হয়। এরই মধ্যে আবু তাহেরের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।