যশোরে ইয়াবার বড় চালান জব্দ : স্কুলব্যাগে মিলল ২৭ হাজার পিস, আটক ১

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর ঝুমঝুমপুরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। এ সময় সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, যশোরে একসঙ্গে এত বড় পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

রোববার রাত সাড়ে ৮টায় কোতয়ালি থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

আটক সিরাজুল ইসলাম রিপন শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের বুরুজবাগান তালতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, কোতয়ালি থানার এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি ইয়াবার একটি বড় চালান নিয়ে নড়াইল সড়ক হয়ে যশোর শহরের দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায়।

ছবি: সংগৃহীত।

অভিযানকালে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই সাইফুল ইসলাম জানান, রিপন চট্টগ্রাম থেকে বাসযোগে যশোরে আসেন। ঝুমঝুমপুর এলাকায় বাস থেকে নেমে তিনি রিকশাযোগে মণিহারের দিকে যাচ্ছিলেন।

ছবি: লোকসমাজ।

সেখান থেকে অন্য একটি বাসে করে বেনাপোল যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে এর আগেই পুলিশ অভিযান চালিয়ে তাকে ইয়াবার চালানসহ আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুন্না বিশ্বাস, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।