বেনাপোল স্থলবন্দরে মালামাল লোডের সময় দুর্ঘটনা, শ্রমিক গুরুতর আহত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

ছবি: সংগৃহীত।

জানা যায়, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯২৫)-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে ফিল্ম ট্রাকে মালামাল লোড করার সময় স্লিপ করে একটি ভারী যন্ত্রাংশ আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।