যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাবলু ওরফে বাবুল (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বাবলু যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মৃত আব্দুস সালাম শেখের ছেলে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. অধিকারী শনিবার বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বাবলুর মৃত্যু হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে শনিবার বিকেলে বাবলু কারাঅভ্যন্তরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য বিকেল ৪টা ৪০ মিনিটে কারারক্ষীদের প্রহরায় তাকে জেনারেল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, বাবলু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত ২ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। রোববার হাসপাতাল মর্গে বাবলুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর স্বজনেরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।