চৌগাছায় ৬৮ বোতল এস্কাফ সিরাপসহ আটক এক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ ইজিবাইকের যাত্রী সেজে অভিযান চালিয়ে ৬৮ বোতল এস্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোফাজ্জেল হোসেন ফোর্স নিয়ে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণী গ্রামে রওনা হন। তারা পুড়াপাড়া বাজার হতে ইজিবাইকে যাত্রী সেজে সেখানে যান।

এ সময় গ্রামের মিহির আলীর পাটক্ষেতের পাশে চৌগাছার দিকে আসা একটি ডায়াং মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ।

এ সময় একজন দৌড়ে পালিয়ে গেলেও নয়ন বিশ্বাস (৩০) নামের একজনকে ধরে ফেলে পুলিশ। তিনি ওই গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। পুলিশ মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। একই সাথে একটি নম্বরবিহীন ডায়াং মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন আটক করা হয়। এ সময় মাদকের মূল মালিক পালিয়ে যান।

থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ মাদক উদ্ধার ও আসামি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। একজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান আছে।