যশোরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ অজ্ঞানপার্টির দুই সদস্য আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা আলী রেজা রাজু ওরফে জামালসহ দুইজনকে সোমবার আটক করেছে যশোরের ডিবি পুলিশ। এ সময় ২টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেলসহ নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন।
আটক আলী রেজা রাজু ওরফে জামাল (৪৩) ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর পশ্চিমপাড়ার মৃত রফিজ মোল্লা রফি ওরফে রফিকের ছেলে। অপর আটকের নাম নজরুল ইসলাম খান (৪৮)। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার আড়পাড়া গ্রামের ইব্রাহিম খানের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ২১ মার্চ বিকেলে যশোর শহরের আর এন রোডে যাত্রীবেশে অজ্ঞানপার্টির এক সদস্য চেতনানাশক মিশ্রিত বিস্কুট খাইয়ে তুষার আহমেদ জীবন নামে একজন ইজিবাইকচালককে অজ্ঞান করে। এরপর তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারি বিকেলে চাঁচড়া বাজারের জনতা ব্যাংকের সামনের একটি দোকানে জাকির হোসেন নামে আরেক চালককে চেনতানাশক মিশ্রিত চা খাইয়ে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। এ ঘটনায় কোতয়ালি থানায় পৃথক অভিযোগ দেয়া হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম ও এসআই শফি আহমেদ রিয়েল পৃথক ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িত অজ্ঞান পার্টির সদস্যকে শনাক্ত ও আটকের চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে গত সোমবার বিকেলে শহরের মাইকপট্টি থেকে গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি আলী রেজা রাজু ওরফে জামালকে আটক করা হয়। পরে সিসিটিভির ফুটেজ থেকে প্রাপ্ত অজ্ঞান পার্টির সদস্যের সাথে আটক জামালের চেহারার মিল পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদে আটক জামাল চালকদের অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের পূর্ব বারান্দীপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে ইজিবাইকে ব্যবহৃত একটি সাইন্ডবক্স উদ্ধার এবং মাগুরার মহম্মদপুর উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ছিনতাই হওয়া ইজিবাইকের ক্রেতা নজরুল ইসলাম খানকে আটক করা হয়। এ সময় নজরুল ইসলাম খানের কাছ থেকে তুষার আহমেদ জীবন ও জাকির হোসেনের কাছ থেকে ছিনতাই করা ২টি ইজিবাইক এবং নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া নজরুল ইসলামের ঘরে একটি চোরাই বাজাজ ডিসকভার মোটরসাইকেল পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই মোটরসাইকেলের মালিক যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামে শওকত হোসেন নামে এক ব্যক্তি। তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জারিকারক পদে চাকরি করেন। ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মাগরিবের নামাজের সময় সীতারামপুর তারা মসজিদের সামনে থেকে শওকত হোসেনের মোটরসাইকেলটি চুরি হয়েছিলো।
প্রেস ব্রিফিংয়ে আরো বলা হয়, আটক জামাল দীর্ঘদিন ধরে যাত্রীবেশে কৌশলে চেতনাশনক মিশ্রিত খাদ্য চালককে খাইয়ে ইজিবাইক ছিনতাই করে আসছিলেন। এ সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে যশোর, ঝিকরগাছা, ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকুপা থানায় ১টি হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
এদিকে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, আটক জামালের ৪ স্ত্রী। এর মধ্যে একজন হলেন ঝিকরগাছার একটি ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার হীরামনি। তিনি আরো জানান জামালের যশোর শহরের বারান্দীপাড়ায় ১টি বাসা, শহরতলীর পুলেরহাটে ২টি বাসা এবং ঝিকরগাছার লক্ষীপুরে ১টি বাসা রয়েছে। সবগুলোই ভাড়া নেওয়া।
ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল জানান, চালক তুষার আহমেদ জীবনের কাছ থেকে ইজিবাইক ছিনতাই মামলায় আটক ২ জনকে মঙ্গলবার আদালতে সোপর্দ এবং ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।