যশোরে ‘আর্স’ বাংলাদেশের রজতজয়ন্তী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি সংস্থা ‘আর্স’ বাংলাদেশের রজতজয়ন্তী পালিত হয়েছে। শনিবার শহরতলীর পুলেরহাটের বাংলাদেশ স্কাউট খুলনা আঞ্চলিক ট্রেনিং সেন্টারে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আর্স বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি মো. ফসিউল্লাহ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আর্স বাংলাদেশ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে চায়। প্রতিষ্ঠানটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে করছে। বর্তমানে দেশের ১২টি জেলায় প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাবার চেষ্টা করছে ।
আর্স বাংলাদেশের নির্বাহী পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার রেশমা শারমিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, আর্স বাংলাদেশের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক। এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন।