যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানে বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ হয়। সমাবেশ থেকে আসন্ন দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয় আনসার সদস্যদের। অনুষ্ঠানে জেলার ৮ উপজেলার তিন শতাধিক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, ‘আনসারদের কর্মদক্ষতা ও কাজের পরিধি অনেক বেশি। তারা আইনশৃংখলা রক্ষার পাশাপাশি, মাদক, বাল্যবিয়েসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত। তাই সরকারের কাছে আমাদের দাবি এই বাহিনীর নিজস্ব স্বকীয়তা দেয়ার। এ সময় তিনি আসন্ন দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশ দেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যশোরের উপপরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন, মুক্তিযোদ্ধ সিদ্দিকুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরার জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহানেওয়াজ, জেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ৪০টি বাইসাইকেল, ৩টি সেলাই মেশিন, ৪০টি ছাতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।।