যশোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হোস্টেলে ভারতীয় ছাত্রীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলের বাথরুম থেকে সীমা জোহরা (২১) নামে ভারতের জম্মু কাশ্মিরের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে জম্মু কাশ্মিরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মদের মেয়ে ও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা. কামল উদ্দিন। অধ্যক্ষ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তিনি মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের সুপার ডা. মারুফা আক্তারের কাছ থেকে খবর পান যে সীমা জোহরা আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, হোস্টেলে সীমা জোহরার রুম মেটরা অনেকক্ষণ তাকে ওয়াশরুমে অবস্থান করতে দেখে এক জন খোঁজ করতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। এসময় হোস্টেলের হাউসকিপার মর্জিনাসহ অন্যরা ছুটে আসেন। হাউসকিপার হল সুপারকে খবর দেন।
যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, বুধবার (১২ জানুয়ারি) ভোরে যশোর আদ্-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিনের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় চাঁচড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ঝুলন্ত অবস্থা থেকে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক আহমেদ তারেক শামস্ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন বলেন, সীমা জোহরার আত্মহত্যার উল্লেখযোগ্য কোন কারণ নেই বলে তার সহপাঠী ও রুমমেটদের কাছ থেকে তিনি জেনেছেন। তবে রুমমেটরা তাকে বলছেন, মঙ্গলবার থেকে দ্বিতীয় বর্ষের যে প্রভেশনাল পরীক্ষা শুরু হয়েছে সেটার প্রথম পরীক্ষা ভাল হয়নি বলে সীমা তাদেরকে বারবার বলছিল ও হতাশা প্রকাশ করছিল। এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সালাহউদ্দিন। অধ্যক্ষ আরও জানান, ঘটনাটি ভারতে অবস্থানরত সীমা জোহরার অভিভাবকদের অবহিত করা হয়েছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকরা উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ বাড়িতে পাঠাবেন। এছাড়া এ বিষয়ে যশোর কোতয়ালি থানায় লিখিতভাবে অবহিত করা হয়েছে।