বেনাপোলে শ্রমিকদের বিক্ষোভ মিছিল : নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হ্যান্ডলিং শ্রমিকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ছবি: সংগৃহীত।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলী, ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং সাধারণ সম্পাদক লিটন হোসেনের নেতৃত্বে এই কর্মসূচিতে দুই সংগঠনের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকেরা তা কঠোরভাবে প্রতিহত করবেন।

ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেওয়ার অপচেষ্টা চলছে উল্লেখ করে নেতারা বলেন, শ্রমিকেরা নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা বিবেচনা করে কোনো ধরনের উসকানিতে পা দেবেন না। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে সর্বদাই সতর্ক থাকার আহ্বান জানান তারা।