যশোরে অভিযুক্তদের ২ লাখ টাকা জরিমানা মাছের খাবারে রঙ মিশিয়ে তৈরি করা হচ্ছিলো রান্নার গুঁড়ো হলুদ ও মরিচ!

0

স্টাফ রিপোর্টার ॥ এরা মানুষ নামের অমানুষ! মাছের খাবার মেশিনে গুঁড়ো করে তাতে রঙ মিশিয়ে রান্নার হলুদ ও মরিচের গুঁড়ো বলে এতোদিন বিক্রি করে আসছিলেন! এভাবে লুটে নিয়েছে হাজার হাজার টাকা। কিন্তু প্রতারকদের শেষ রক্ষা হয়নি। গতকাল রোববার তাদের কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। যশোর শহরের নীলগঞ্জ শ্মশানপাড়ায় পরিচালিত এই অভিযানে অভিযুক্ত দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণে মাছের খাবার ও বিভিন্ন প্রকার ক্ষতিকর রঙ।
অভিযুক্ত দুই ব্যক্তি হলেন-যশোর শহরের বেজপাড়ার মৃত চান্দপদ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস (৫৯) ও বারান্দী মোল্লাপাড়ার মৃত শীতল চন্দ্র অধিকারীর ছেলে দিলীপ অধিকারী (৫৮)।
র‌্যাব জানায়, তারা গোপন সূত্রে খবর পায় নীলগঞ্জ শ্মশানপাড়ার একটি কারখানায় অস্বাস্থ্যকরভাবে হলুদ ও মরিচের গুঁড়ো তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে। এ খবর পেয়ে সদর সহকারী কমিশনার (ভূমি) এস এম মিকাইল ইসলাম ও র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার এম নাজিউর রহমানের সমন্বয়ে গঠিত একটি টিম বেলা সাড়ে ১১ টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় দেখা যায় সেখানে মাছের খাবারের সাথে বিভিন্ন প্রকার ক্ষতিকর রঙ মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়ো তৈরি করা হচ্ছে। ফলে এই অপরাধের সাথে জড়িত কারখানা মালিক রবীন্দ্রনাথ বিশ্বাস ও দিলীপ অধিকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালানার মাধ্যমে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় তাদেরকে জরিমানা করা হয়। এছাড়া কারখানা থেকে ২শ’ কেজি মাছের খাবার ও ৫ কেজি বিভিন্ন প্রকার ক্ষতিকর রঙ জব্দের পর ধ্বংস করা হয়।