যশোরে অপরাধীচক্রের খপ্পরে পড়ে সোনার চেইন খুইয়েছেন নারী

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অপরাধীচক্রের খপ্পরে পড়ে নাছিমা খাতুন নামে এক নারী দেড় ভরি ওজনের সোনার চেইন খুইয়েছেন। শুক্রবার সকালে যশোর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। শার্শা উপজেলার নাভারন এলাকার হযরত আলীর স্ত্রী নাছিমা খাতুন জানান, তার এক ছেলে যশোরে পড়াশোনা করে। সে পুলিশ লাইন এলাকায় থাকে। ছেলেকে দেখতে তিনি যশোরে এসেছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রেলস্টেশনে যান। এ সময় বোরখা পরিহিত ৩ নারী তাকে ঘিরে ধরেন। এরই মধ্যে তিনি টের পান তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়া হয়েছে। কিন্তু ভিড়ের মধ্যে ২ জন হারিয়ে গেলেও তাদের একজন সঙ্গীকে তিনি চিনতে পারেন। এ সময় তার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্দেহভাজন ওই নারীকে আটক করেন। পরে তাকে পুলিশে দেয়া হয়। কোতয়ালি থানা পুলিশের এসআই তাপস জানান, আটক নারীর নাম ফাতেমা খাতুন। তার বাড়ি ব্রাম্মনবাড়িয়ায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।