চাকরি গেল সেই বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

0
কর্মস্থলে অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সাবেক এসি গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।। ছবি: সংগৃহীত

কর্মস্থলে অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীসহ ছয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি আদেশে এই বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে তাঁদের বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজীম এবং কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বরখাস্ত হওয়া এই ছয় কর্মকর্তার সকলেই বিভিন্ন অভিযোগে পূর্বে সাময়িক বরখাস্ত অবস্থায় পুলিশের বিভিন্ন রেঞ্জে সংযুক্ত ছিলেন অথবা পলাতক ছিলেন। এর মধ্যে বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এছাড়া মোহাম্মদ ইকবাল হোসাইন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকলেও ডিএমপির সাবেক এসি মো. গোলাম রুহানী ও অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বর্তমানে সাময়িক বরখাস্ত ও কর্মস্থল থেকে পলাতক রয়েছেন।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি চাকরির শৃঙ্খলাভঙ্গের দায়েই এই প্রশাসনিক অ্যাকশন নেওয়া হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়েছে।