খুলনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ইটভাটায় ঢুকে ফখরুল শেখ নামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

0
খুলনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি তাদের পারিবারিক মালিকানাধীন। ভাটায় বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে ফখরুল মাঝেমধ্যে রাতে সেখানে পাহারা দিতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ অথবা অন্য কোনো কারণ এর পেছনে রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।