যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক, বিজিবির অভিযান

0
যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর-চৌগাছা মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট ২০২৬) ভোর ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় হাসান কবীর নয়ন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৭০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারটি বহন করছিলেন।

উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা, মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা এবং নগদ ১৭০ টাকাসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।”