যশোরের বাহাদুরপুরে চাঁদাবাজি ও ধর্ষণের পরস্পর বিরোধী অভিযোগ, আটক ৭

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ায় রাকিব হোসেন (২৩) নামে এক যুবককে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। স্বজনেরা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও জিম্মি করে চাঁদা দাবি করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত চক্রের ৭ সদস্যকে স্থানীয় জনগণের সহায়তায় আটক করেছে। তবে রাকিব হোসেন নামে ওই যুবকের বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ করায় পুলিশ তাকেও আটক করেছে। গত রোববার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁদা দাবির ঘটনায় আটক চক্রের সদস্যরা হলেন-বাহাদুরপুর পশ্চিমপাড়ার মোমেন মোল্লার ছেলে সাগর (৩৭), আলতাফ সরদারের ছেলে ফয়জুর রহমান (৩২), আব্দুল আজিজ মোল্লার ছেলে পানু মোল্লা (৩০), মৃত ইজাহার আলী মোল্লার ছেলে ইবাদুল মোল্লা (৩৫), ওয়াদুদ মোল্লার ছেলে সোহানুর রহমান শাহিন (৩০), মোসলেম আলী মোল্লার ছেলে মতিয়ার মোল্লা (৫২) ও মকবুল হোসেন মোল্লার ছেলে রশিদ মোল্লা (২৮)। অপরদিকে প্রেমিকাকে ধর্ষণ ঘটনায় আটক রাকিব হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের অলিয়ার রহমানের ছেলে। চাঁদা দাবি ও ধর্ষণের আলাদা মামলায় সোমবার আটক ৮ জনকে পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কুতুবপুর গ্রামের মৃত মবজেলের ছেলে অলিয়ার রহমানের ভাষ্য, তার ছেলে রাকিব ট্রাকের চালক। একই ট্রাকের হেলপার সাইফুলের মাধ্যমে বাহাদুরপুর পশ্চিমপাড়ার এক কিশোরীর সাথে তার ছেলের পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার দুপুর দেড়টার দিকে ওই কিশোরীর মা মোবাইল ফোন করে তার ছেলেকে তাদের বাড়িতে যেতে বলেন। দুপুর আড়াইটার দিকে তার ছেলে সেখানে গেলে স্থানীয় একটি চক্রের সদস্যরা তাকে ধরে বাহাদুরপুরস্থ ক্লাবঘরে নিয়ে আটকে রাখেন। তারা এ সময় তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ছেলের কাছ থেকে খবর পেয়ে তিনিসহ তার স্ত্রী নার্গিস খাতুন, ভগ্নিপতি লিটন হোসেন ও মুন্নাফ হোসেন সেখানে ছুটে যান। চক্রের সদস্যরা এ সময় ক্লাবঘরে তাদেরকেও আটকে রাখেন এবং দাবিকৃত ৫ লাখ টাকা দিতে বলেন। বিপদ বুঝতে পেরে অলিয়ার রহমান তাদেরকে বলেন যে, ‘এই মুহূর্তে আমার কাছে এতো টাকা নেই’। তাই চাঁদার টাকা দেওয়ার কথা বলে তিনি কৌশলে চক্রের সদস্য সাগর, ফয়জুর, পানু, ইবাদুল ও শাহিনকে তার সাথে কুতুবপুরের বাড়িতে যাওয়ার কথা বলেন। রাজি হওয়ায় তিনি তাদেরকে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে গ্রামবাসীকে বিষয়টি অবহিত করেন। এরই মধ্যে পুলিশও খবর পেয়ে যায়। রাত সোয়া একটার দিকে কোতয়ালি থানার পুলিশ লোকজনের সহায়তায় স্থানীয় ছোট গোপালপুর গ্রাম থেকে চাঁদাবাজ সাগর, ফয়জুর, পানু, ইবাদুল ও শাহিনকে আটক করে। পরে পুলিশ বাহাদুরপুর পশ্চিমপাড়ার সেই ক্লাবঘরে গিয়ে চক্রের আরো দুই সদস্য মতিয়ার ও রশিদকে আটক করে। সেখান থেকে এ সময় পুলিশ জিম্মি করে রাখা রাকিব হোসেনসহ নার্গিস খাতুন, লিটন হোসেন ও রিয়াজ হোসেনকে (লিটন হোসেনের ছেলে) উদ্ধার করে।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেক জানান, জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় আটক ৭ জনসহ ৯ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করেছেন অলিয়ার রহমান।
পুলিশ জানায়, চাঁদাবাজি মামলায় অভিযুক্ত অপর দুজন হলেন-বাহাদুরপুর পশ্চিমপাড়ার আলতাফ সরদারের ছেলে আনিসুর রহমান টোকন (৪০) ও বাচ্চু মিয়ার ছেলে রনি (২৮)।
এসআই সাইফুল মালেক আরো জানান, প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে রাকিব হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন ওই কিশোরীর মা। এ কারণে রাকিব হোসেনকে তারা উদ্ধারের পর ধর্ষণ মামলায় আটক করেছেন।
কিশোরীর মায়ের অভিযোগ, তার মেয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে রাকিবের সাথে তার মেয়ের পরিচয় হয়। এরপর থেকে রাকিব তার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করতো। মাঝে মধ্যে তাদের বাড়িতেও আসতো। গত রোববার দুপুরে তার অনুপস্থিতিতে রাকিব তাদের বাড়িতে যায় এবং ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে।