ঝিকরগাছায় পুকুর থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার দিগদানা নগর গ্রামে একটি মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাঁকড়া ইউনিয়নের দিগদানা নগর গ্রামের বাসিন্দা মোঃ আকবর আলী (৬০) তার নিজস্ব মাছের ঘেরে পানি শুকিয়ে মাছ ধরার সময় এই অস্ত্রটি পাওয়া যায়। আকবর আলীর মাছের ঘেরটি বাঁকড়া ও মাঠশিয়া রোড সংলগ্ন এলাকায় অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানি সেচে মাছ ধরার সময় মোঃ সিয়াম হোসেন (১২), কাদার ভেতরে একটি শপিং ব্যাগের মতো কিছু দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুললে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি দেখা যায়। বিষয়টি বাঁকড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করা হয়।

সংবাদ পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলিটি জব্দ করে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।