যশোরের ঘোপের ব্যবসায়ী ফজলে আকবর গোর্কির ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা ব্যবসায়ী ফজলে আকবর গোর্কি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই পুত্র ও তিন কন্যা রেখে গেছেন।
প্রয়াত ফজলে আকবর গোর্কির পরিবার যশোরের প্রাচীন ব্যবসায়ী। তাঁর পিতা জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের হাড়ের তৈরি চিরুনি কারখানা ছিল। শহরের জেল রোডের গোর্কি ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী ছিলেন ফজলে আকবর গোর্কি।
মরহুমের পুত্র ফজলে রাব্বি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বাদ আসর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মসজিদে তার পিতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হয়েছিলেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত,ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিকাইল হোসেন, বিএনপি নেতা মারুফ হোসেন, এহতেশামুল হক পাপ্পুসহ শহরের বহু গণ্যমান্য ব্যক্তি। জানাজা শেষে তাঁকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে ফজলে আকবর গোর্কির মৃত্যুর সংবাদ শুনে তাঁর বাসভবনে যান যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ নার্গিস বেগমের সাথে ছিলেন।
উল্লেখ্য, মরহুমের জ্যেষ্ঠ কন্যা ডা. রাজিয়া সুলতানা আমেরিকার নর্থ ক্যারোলিনা প্রবাসী। কানাডার টরন্টো প্রবাসী দ্বিতীয় কন্যা চাঁদ সুলতানা। তৃতীয় কন্যা হাসিনা সুলতানা রাজধানী ঢাকায় বি আই এইচ এস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা। দুই পুত্র ফজলে রাব্বী ও জালাল উদ্দিন আকবর প্রকৌশলী।