যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)২০২১-২০২২ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ হয়েছে। বুধবার বিকেলে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীর অংশগ্রহণ ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আলমগীর বাদশার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন। আলোচনা অনুষ্ঠানের এক পর্যায়ে নব্য যোগদান করা শিক্ষক, নবীন শিক্ষার্থী ও নবগঠিত ক্লাবের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবীনদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, পদার্থবিজ্ঞান বিষয় একটি রত্নভান্ডার , যেটাকে বাদ দিয়ে বিজ্ঞান চর্চা অসম্ভব। তোমাদের মনে রাখতে হবে, যেখানে মৌলিকত্ব থাকে তার গভীরে কিন্তু ঢোকা এত সহজ নয়। কাজেই এর গভীরে প্রবেশ করতে হলে তোমাদেরও মৌলিক মানুষ হতে হবে। বিজ্ঞানের মূলের সন্ধান করে ফিজিক্স। আমার বিশ্বাস মূলের সন্ধানে তোমরা এসেছো এবং সেই সন্ধানের জন্য তোমাদের জীবনের বাকি সময়গুলো ব্যয় করবে। তিনি আরো বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‌্যাগিং মুক্ত। কেউ র‌্যাগিং করলে শুধু একবার বলে দেখো মুখ খুলে, সে যত বড় শক্তিধর হোক না কেন,রাজনীতিবিদ হোক না কেন এক মিনিটও সে এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুম বিল্লাহ,ড. মো. হুমায়ূন কবির,ড. মোহাম্মদ আবদুর রশিদ,প্রভাষক মো. বোরহানুল আসফিয়া, দেবাশীষ রায়,শাহাদাত জামান,আব্দুল্লাহ আল রোমান,তানভীর আহমেদ ও বিভাগের সকল কর্মকর্তাসহ সকল বর্ষের শিক্ষার্থীরা।