মোরেলগঞ্জে জমির বিরোধে দু পক্ষের সংঘর্ষে দুই নারীসহ ১০জন আহত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে দু পক্ষের সংঘর্ষে দুই নারীসহ ১০জন আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস শিকদার ও নাছির শিকদারের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিবদমান জমিতে মাটি কাটা নিয়ে নাছির শিকদার ও ইলিয়াস শিকদারের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দু পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন, পলাশ শিকদার (৩৫), নাজমুল শেখ(২৩), আলতাফ জজ(৫০), রিনা বেগম(৩০), মাসুমা বেগম(৪০), জাহিদুল শিকদার(৩৫) ও নাছির শিকদার(৫৫)। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জিউধরায় মারধরের ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।