মুড়লি জোড়া শিব মন্দিরের পুরোহিতকে মারধর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মুড়লি জোড়া শিব মন্দিরের পুরোহিত মুকুল ব্যানার্জীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে বুধবার আদালতে মামলা হয়েছে। ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলাটি করেছেন ভুক্তভোগী পুরোহিত মুকুল ব্যানার্জী। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদির আইনজীবী নব কুমার কুন্ডু।
আসামিরা হলেন, শহরের বেজপাড়া মেইন রোড বুনোপাড়ার মৃত অনিল চক্রবর্তীর ছেলে অখিল চক্রবর্তী, বিরামপুরের মৃত গোবিন্দ সরকারের ছেলে গোপীকান্ত সরকার, বকচরের শৈলেন দাসের ছেলে সজল দাস ও মুড়লি খাঁ পাড়ার বলয় দেবের ছেলে মিলন কুমার দেব।
মামলায় পুরোহিত মুকুল ব্যানার্জী উল্লেখ করেছেন, মুড়লি জোড়া শিব মন্দিরটি ৫৮ দশমিক ১২ শতক জমির ওপর অবস্থিত। মন্দির ও সামনের ফাঁকা জায়গা দখলের জন্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন উল্লিখিত আসামিরা। তারা মন্দির দখলে ব্যর্থ হয়ে বেশ কিছুদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন মন্দিরের পরিচালনা কমিটির কাছে। গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় পুরোহিত মুকুল ব্যানার্জী মন্দিরে প্রবেশের সময় আসামিরা তাকে বাধা দেন। এ সময় তারা তাকে মারধর করেন, চাঁদার ৫ লাখ টাকা পুরোহিতকে দিতে বলেন। টাকা দিতে অস্বীকারা করলে আসামিরা তাকে আবারও মারধর করে মাটিতে ফেলে দেন এবং তার কাছে থাকা ৫০ হাজার টাকা কেড়ে নেন। এছাড়া তারা মন্দিরের আসবাবপত্র ভাঙচুর করেন। এরই মধ্যে পুরোহিতের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা মামলা দিয়ে তাকে জেল খাটানোসহ খুন-জখমের হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে ভুক্তভোগী পুরোহিত থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ করেনি। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন পুরোহিত মুকুল ব্যানার্জী।