মিসাইল আতঙ্ক: হরমুজ প্রণালি পেরোতে ব্যর্থ বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

0
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

গত বৃহস্পতিবার মিসাইল (ক্ষেপণাস্ত্র) হামলার আশঙ্কায় জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে না পেরে পুনরায় পারস্য উপসাগরে ফিরে গেছে। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত করেছে বিএসসি কর্তৃপক্ষ।

জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। নাবিকদের ভাষ্যমতে, গত ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছাকাছি পৌঁছালে ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর আসে। নিরাপত্তার স্বার্থে আমিরাতের কোস্টগার্ডও জাহাজটিকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।

এর আগে ভারত ও কাতার হয়ে পণ্য খালাস শেষে কুয়েত যাওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু রণক্ষেত্রে পরিণত হওয়া হরমুজ প্রণালির ঝুঁকি এড়ানো সম্ভব হয়নি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজটি বর্তমানে নিরাপদ নোঙরে রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় কাতার থেকে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। এদিকে জাহাজ ও নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা শুরুর অনুরোধ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন এক বাংলাদেশি নাবিক।