মির্জা আব্বাসের মাথায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন; স্থগিত সিঙ্গাপুর যাত্রা

0
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়েছে মির্জা আব্বাসকে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এই জরুরি শল্যচিকিৎসা সম্পন্ন হয়। শারীরিক অবস্থার কারণে পূর্বনির্ধারিত সিঙ্গাপুর যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আজ সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্টে পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেলে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বসে। পরিবারের সম্মতিতে বিকেল ৩টা ১০ মিনিটে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং বিকেল ৪টার কিছু সময় আগে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়। এই মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ ও অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে চিকিৎসার বিস্তারিত প্রক্রিয়া অবহিত করেন। গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।