মালিকের ধাওয়ায় আটক হল চোর ও ট্রাকভরা এলপিজি

0

 

স্টাফ রিপের্টার ॥ যশোর উপশহর এলাকা থেকে গত রোববার রাতে ২৫২টি সিলিন্ডার এলপি গ্যাস ভর্তি একটি মিনিট্রাক চুরি করে চোরচক্র। টের পেয়ে মোটরসাইকেল নিয়ে কয়েক কিলোমিটার ধাওয়া করে পুলিশের সহায়তায় ট্রাকটি উদ্ধারসহ চোরচক্রের এক সদস্যকে আটক করেছেন মালিক ফিরোজ আহমেদ।
শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে বর্তমানে যশোর উপশহর বি-ব্লক এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদের অভিযোগ, তিনি এলপি গ্যাসের ব্যবসা করেন। উপশহর মহিলা কলেজের সামনে তার ফিরোজ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ফিরোজ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে তার মিনিট্রাকের চালক আব্দুল আলিম ২৫২টি সিলিন্ডার ভর্তি গাড়িটি (যশোর-ড-১১-০৯৬৪) ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রেখে বাড়িতে চলে যান। গাড়ি তালা দেয়া ছিল। রাত পৌনে ১১টার দিকে তালা ভেঙে কয়েক জন চোর ওই ট্রাক নিয়ে পালানোর সময় ফিরোজ আহমেদ মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করেন। চোরেরা শহরের ঘোপ জেল রোড, দড়াটানা ও মণিহার হয়ে নড়াইল রোড দিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে পুলিশকে খবর দেন তিনি। এরই এক পর্যায়ে ধাওয়া খেয়ে চোরেরা ট্রাক নিয়ে দাইতলায় চাঁনপাড়া ক্যাম্পের সামনে পৌঁছালে সেখানকার পুলিশ ব্যারিকেড দেয়। এসময় সেখানে ট্রাকটি ফেলে রেখে চোরচক্রের দুই জন পালিয়ে যায়। তবে শান্ত মুন্সী নামে এক জনকে পুলিশ ও জনতা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করেন।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, আটক শান্ত মুন্সী (২৪) মুন্সীগঞ্জের নয়াগাঁও পশ্চিমপাড়ার ইলিয়াস মুন্সীর ছেলে। শান্ত মুন্সীর সাথে আরো দুই চোর ছিলো। এর মধ্যে একজনের নাম হৃদয় বলে জানা গেছে। তিনি আরো জানান, ওই ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছেন ফিরোজ আহমেদ।