মাতৃবন্দনায় কুমারীপূজা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ সনাতন ধর্মবিশ্বাসীদের নানা মাঙ্গলিক আচারানুষ্ঠান ও ভক্তদের অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শ্রীশ্রী মহা দুর্গাষ্টমী তিথি রোববার সকালে সম্পন্ন হয়েছে। এছাড়া যশোর রামকৃষ্ণ আশ্রমে মাতৃবন্দনায় কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এদিন সন্ধ্যার পর শাস্ত্রমতে অষ্টমী তিথির শেষ ও নবমী তিথির শুরুর সন্ধিক্ষণে দেবীর ‘সন্ধিপূজা’ সম্পন্ন হয়েছে।
উৎসবের ৪র্থ দিনে আজ মহা দুর্গা নবমী কল্পারম্ভ ও বিহিত পূজা সম্পন্ন হবে। শাস্ত্রমতে এদিন ১০৮টি পদ্মফুলে পূজিত হবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে পূজা শুরু হবে সকাল সাড়ে ৬টায়।
অষ্টমী পূজার মধ্যভাগে যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে সকাল ১১ টার দিকে হয়েছে কুমারী পূজা। যশোর সদরের ব্যবসায়ী সাধন কুমার গাঙ্গুলি ও রামনগর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ডলি গাঙ্গুলির ৬ বছরের শিশুকন্যা প্রেক্ষা গাঙ্গুলিকে শাস্ত্রমতে ‘উমা’ নামে এবার মাতৃদেবী জ্ঞানে পূজা করা হয়।
কুমারী পূজা শেষে মাতৃবন্দনায় ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি দিয়ে তাদের অর্ঘ্য দেন দুর্গতিনাশিনী শ্রীশ্রী দেবী দুর্গার কমল চরণে। শুদ্ধ দেহে শুদ্ধ মনে ত্রিনয়নী মহাদেবী সর্বজয়া ব্রহ্মচারী, বিশ্বমাতা, সর্বব্যাপিনী সর্ব ঐশ্বর্যময়ী ও সমগ্র জগতের দুঃখহারিণী দশভুজা দেবী দুর্গার আরাধনা করে মহাষ্টমীতে আশীর্বাদ প্রার্থনা করেন তারা।
মহা অষ্টমী শেষ মুহূর্ত আর মহা নবমীর শুরুর সন্ধিক্ষণে অসুর শক্তি বিনাশের লক্ষ্য নিয়ে এদিন রাত আটটা ৬ মিনিট থেকে রাত আটটা ৫৪ মিনিট পর্যন্ত হয় সন্ধিপূজা। ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে অসুর শক্তি বিনাশে খড়্গ দিয়ে চালকুমড়ো, পাকা কলা ও আখ গাছকে ‘প্রতীকী বলি’ কার্যকর করা হয়।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে এ বলি কার্যক্রমে অংশ নেয় বিদ্যার্থী ভবনের শিক্ষার্থীবৃন্দ। পুরোহিতের ভূমিকা পালন করেন প্রণয় চক্রবর্তী। তন্ত্রধারী পুরোহিতের দায়িত্ব পালন করেন শক্তিপদ গাঙ্গুলি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ ও সহ অধ্যক্ষ আত্মবিভানন্দ মহারাজ।
উল্লেখ্য, সন্ধি পূজা আসলে অসুরনাশিনী দেবী দুর্গার আর এক অসুরদলনী রূপের পূজা । সেই দেবীর নাম ‘চামুণ্ডা’। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে নিধন করেছিলেন। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পূজা করা হয়। অষ্টমী তিথির শেষ দণ্ড অর্থাৎ শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম দণ্ড অর্থাৎ প্রথম ২৪ মিনিট এই মোট ৪৮ মিনিটের যে মহা সন্ধিক্ষণ সেই সময়ে সন্ধিপূজা করা হয়
শারদীয় উৎসবের শ্রীশ্রী মহা দুর্গাষ্টমী তিথীর সকাল থেকেই নতুন পোষাকে সজ্জিত হয়ে মন্দির ও মণ্ডপগুলোতে ভক্তদের পদচারণা বৃদ্ধি পেতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড় বাড়তেই থাকে। সন্ধ্যার পর সন্ধিপুজো সম্পন্ন হয়। এ সময় মন্দির-মণ্ডপ প্রাঙ্গণ উপচে পড়া ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে।