মাঠে ব্যাটিং কারিশমা মায়ের, ডাগআউটে হাস্যোজ্জ্বল কন্যা

0

লোকসমাজ ডেস্ক॥ নারী বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকেই সবার আগ্রহের কেন্দ্রে পাকিস্তান অধিনায়ক বিসমাহ মাহরুফের ছোট্ট কন্যা ফাতিমা। এক হাতে মেয়ে আর অন্য হাতে ক্রিকেট কিট- বিসমাহ মাহরুফের এমন ছবি বাহ্বা কুড়িয়েছে সবার কাছে। সেই ফাতিমা আবারও এলেন আলোচনায়। এবার মায়ের ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বিসমাহ। এ সময় মাঠের বাইরে ডাগআউটে ছিল ছোট্ট ফাতিমা। তাকেই নিজের ফিফটি উৎসর্গ করেছেন বিসমাহ। সোমবার মাউন্ট মঙ্গানুইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে পাকিস্তান। যেখানে অধিনায়ক বিসমাহর একার অবদানই অপরাজিত ৭৮ রান। এছাড়া আলিয়া রাজ খেলেছেন ৫৩ রানের ইনিংস। চতুর্থ ওভারে উইকেটে এসে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বিসমাহ। প্রায় তিন ঘণ্টা উইকেটে থেকে ১২২ বলে ৮ চারের মারে করেছেন ৭৮ রান। যা কি না নারী বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। বিশ্বকাপের গত আসরে ৭৯ রান করেছিলেন নাহিদা খান।

রেকর্ড না হলেও, ডাগআউটে থাকা নিজের কন্যার সামনে ফিফটি করতে পারার আনন্দের কমতি নেই বিসমাহর। তাই তো পঞ্চাশ ছোঁয়ার পর উদযাপনের সময় দুই হাত দিয়ে বাচ্চা কোলে নেওয়ার মতো উদযাপন করেন তিনি। যা দিয়ে বুঝিয়ে দেন, আজকের ইনিংস আমার মেয়ের জন্যই! বিসমাহ আজকের ম্যাচে ঝকঝকে ইনিংস খেলার পথে পঞ্চম উইকেটে আলিয়া রাজের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েছেন বিসমাহ। যা ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান নারী দলের সর্বোচ্চ রানের জুটি। বিশ্বকাপে পাকিস্তান নারী দলের পক্ষে দশম ফিফটিটি করেছেন আলিয়া রাজ।