মাঠের ধান রক্ষা করতে গিয়ে শার্শা ও চৌগাছায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরের শার্শা ও চৌগাছায় বজ্রপাতে ধান ক্ষেতে দুই জনের মৃত্যু হয়েছে। কেটে রাখা ধান ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়েছেন আজিজুল ইসলাম ও সাগর হালদার নামের এই দুই জন।
বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা জানান, যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে আকাশে কালো মেঘ দেখে তড়িঘড়ি করে তিনি ক্ষেতে কাটা ধান গোছাতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। আজিজুল ইসলাম ওই গ্রামের কামাল সর্দারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার  বিকেলে ঝড়ের আগে আজিজুল তার ভাইসহ ৩/৪ জন ঠ্যাংগামারী বিলে তাদের জমির ধান গোছাতে গিয়েছিলেন। স্থানীয় ক্লিনিকের ডা. হাবিবুর রহমান হাবিব, বলেন, হাসপাতালে আনার আগেই আজিজুলের মৃত্যু হয়েছিলো।
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, চৌগাছায় বজ্রপাতে সাগর হালদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাতে বাবার সাথে কেটে রাখা ধান গোছানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাগর হালদার চৌগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের হালদারপাড়ার রবি হালদারের ছোট ছেলে। বৃহস্পতিবার স্থানীয় শশ্মানে মৃতের সৎকার সম্পন্ন হয়।
মৃত সাগর হালদারের বড় ভাই সাধন হালদার জানান, বুধবার সন্ধ্যার পর আকাশে মেঘ দেখা দিলে বাড়ির অদূরে কপোতাক্ষ নদের পশ্চিমে তারনিবাস মাঠে কেটে রাখা বোরো ধান জমিতেই স্তুপ করে রাখার জন্যে আমিসহ পিতা রবি হালদার, ছোট ভাই সাগর হালদার, চাচাতো ভাই মৃত্যুঞ্জয় হালদার দ্রুত জমিতে যাই। ক্ষেতের সমুদয় ধান একটি স্থানে স্তুপ করে তা পলিথিন দিয়ে চারজন চার কর্নারে দাঁড়িয়ে ঢেকে দেয়ার কাজ করছিলাম। রাত তখন ৯ টার দিকে ঝিরঝিরে বৃষ্টির সাথে হালকা বাতাস বয়ে যাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকিয়ে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আমরা সকলেই কাজ করার স্থান হতে কয়েক হাত দূরে ছিটকে পড়ে ক্ষণেকের জন্যে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি ছোট ভাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার পরনে থাকা লুঙ্গি ও গায়ে থাকা টি-শার্টে আগুন জ্বলছে। দ্রুত ভাইয়ের কাছে গিয়ে দেখি সে মারা গেছে। শরীরের আগুন নিভিয়ে নিথর মরদেহ নিয়ে আমরা বাড়িতে ফিরে আসি।
প্রতিবেশীরা জানান, মৃত সাগর হালদার বিএ পড়ার পাশাপাশি মাঠে পিতার সাথে নিয়মিত কাজ করতেন। একই সাথে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের পাশে মাছ বিক্রি করেও তিনি রোজগার করতেন। ছেলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে সকল আনুষ্ঠানিকতা শেষে পান্টিপাড়া মহাশশ্মানে তার দাহ সম্পন্ন হয় বলে জানা গেছে।