মাঝে বৈদ্যুতিক খুটি রেখেই ড্রেন নির্মাণ যশোর পৌরসভার! *কেউ জানে না কে কাটলো গাছ *মানহীন সামগ্রী নির্মাণ কাজে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। একদিকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে সড়কের সাথে লাগানো প্রাচীর কিংবা ভবনের দেয়াল অপসারণ না করে ড্রেন নির্মাণ করা হচ্ছে। অপসারণ করা হয়নি বৈদ্যুতিক খুটি । সেই সাথে টেন্ডার ছাড়াই মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়কি দক্ষিণ পাড়া মোড় থেকে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১ হাজার ৪০০ মিটার ড্রেন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। ফরিদপুরের সালেহা এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব পেলেও যশোরের মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী তদারকি করেন। ঢাকনা বাদে ড্রেনের উচ্চতা গড়ে আড়াই ফুট এবং চওড়া দুই ফুট । খড়কি দক্ষিণপাড়া থেকে শুরু হওয়া ড্রেনের একটি অংশ চোরমারা দিঘির উত্তরপাড় হয়ে মুজিব সড়কে যুক্ত হবে। অপর একটি অংশ আলীগড় জামে মসজিদ হয়ে ক্রস ড্রেনের সাথে যুক্ত হবে। নির্মাণ স্থান থেকে একটি অংশ একরামুল হক সড়কের একটি অংশের সাথে ক্রস ড্রেনের সাথে যুক্ত হয়েছে।
নির্মাণের সময়সীমা ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত। কিন্তু এ বছরের জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সরেজমিন গিয়ে স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দিনের উন্নয়ন বঞ্চিত এই এলাকার মানুষের দাবির মুখে পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণের কাজ শুরু করলেও কাজ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। শুরু থেকে অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে। নিচের অংশের কাজে অত্যন্ত নিম্নমানের ইট ও বালি ব্যবহার করা হচ্ছে। এমনকি পুরনো ও আমা ইট ব্যবহার করা হয়েছে।

অনেক স্থানে রাস্তার সাথে পৌরসভার জায়গায় প্রাচীর কিংবা ভবনের দেয়াল থাকলেও সেটি অপসারণ না করে অন্যদিকে চাপিয়ে দেয়া হয়েছে। যে কারণে নির্মানাধীন ড্রেনের অনেকাংশে দেখা যায় আঁকা বাকা সড়কের মত। কোথাও ইউটার্ন আকৃতির। কোথাও আয়তন কম।
কোথাও ভবনের দেয়ালের সাথে বা কোথাও প্রাচীরের সাথে ড্রেন নির্মাণ করা হয়েছে। একাধিক স্থানে মাঝখানে বৈদ্যুতিক খুটি রেখে ড্রেন নির্র্মাণ করা হয়েছে। যা পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আর্থিক লেনদেনের মাধ্যমে পৌর কর্তৃপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠান কারও প্রাচীর ও দেয়াল রক্ষা করে ড্রেন নির্মাণ করছেন। অভিযোগে আরো জানা গেছে, সড়কের মাঝামাঝি স্থানে কয়েক লাখ টাকা মূল্যের শিশু গাছ টেন্ডার ছাড়াই কেটে ফেলা হয়েছে।
এ বিষয়ে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) শিকদার মোখলেছুর রহমান বলেন, সালেহা এন্ড ব্রাদার্স নামের ফরিদপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পেয়েছে। মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নামের এক ব্যক্তি কাজের তদারকি করছেন। তিনি আরও বলেন, ম্যাপ অনুযায়ী ড্রেন নির্মাণ করা হচ্ছে। রাস্তা যেখানে যতটুকু সেখানে ততটুকু ড্রেন নির্মাণ করা হচ্ছে। তাছাড়া সড়কের এক পাশের অংশে জায়গা না থাকায় আলীগড় জাম মসজিদ পর্যন্ত ড্রেন নির্মাণ করে ক্রস ড্রেনের সাথে যুক্ত করা হবে। গাছের টেন্ডার হয়েছে কিনা আমি বলতে পারব না। এটা মেয়র কিংবা সংশ্লিষ্ট কাউন্সিলর বলতে পারবেন। বৈদ্যুতিক খুটি অপসারণের দায়িত্ব বিদ্যুৎ বিভাগের। পৌর কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগকে লিখিত আকারে জানালে তারা খুটি অপসারণ করে নেবে।
এদিকে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, এ কাজের সাথে আমি যুক্ত নই।
পৌরমেয়র হায়দার গণি খান পলাশের দফতরে গিয়ে তাকে না পাওয়ায় মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। তবে প্যানেল মেয়র শেখ মোকসিমুল বারী অপু বলেন, কারও জমি কিনে কিংবা দখল করে ড্রেন নির্মাণ করা হচ্ছে না। ম্যাপ অনুযায়ী ড্রেন নির্মাণ করা হচ্ছে। কেউ যদি বলেন টাকার বিনিময়ে কারও জায়গা বাদ দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা। অবশ্য গাছের কোন টেন্ডার করা হয়নি। কারণ টেন্ডার করার অনেক জটিল প্রক্রিয়া। যা ড্রেন নির্মাণের কাজে বাধা সৃষ্টি করবে। সে কারণে কাজের স্বার্থে ঠিকাদার প্রতিষ্ঠান অথবা কে বা কারা গাছ গুলো কেটে ফেলেছে। বৈদুতিক খুটি অপসারণের বিষয়টি ভিন্ন। এখানে খরচসহ অফিসিয়াল প্রক্রিয়া রয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হলে কোন ছাড় নেই। এ বিষয় আপনারা পত্রিকায় ভালোভাবে তুলে ধরেন।