মহেশপুরে সরকারি রাস্তার ইট চেয়ারম্যানের বাড়িতে!

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের সরকারি রাস্তার ইট উঠিয়ে বাড়ি নিয়ে গেছেন স্থানীয় মান্দারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শফিদুল ইসলাম। এ নিয়ে এলাকায় ও মহেশপুর উপজেলা প্রশাসনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শংকরহুদা গ্রামের রনজু বিশ্বাসের বাড়ি থেকে জামাল হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তাটি ৫২ লাখ ১১ হাজার ৪১৫ টাকা ব্যয় করে ১ হাজার মিটার এইচ.বি.বি রাস্তা হেরিংবন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। প্রকল্প বাস্তবায়ন অফিস সোলিং রাস্তায় এইচ.বি.বি করছে এমন খবর পেয়ে রাস্তার পুরানো ইট তুলে নেন চেয়ারম্যান শফিদুল ইসলাম। তিনি শ্রমিক নিয়োগ করে সব ইট উঠিয়ে তার বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয়রা বলছেন, ইট কেন তার বাড়িতে নিয়ে রাখা হয়েছে তা তারা বুঝতে পারছেন না। তবে সরকারি ইট এভাবে বাড়িতে রাখা যায় না বলে অনেকেই জানান। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা জানান, তারা প্রকল্প নিয়ে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করেছেন। রাস্তায় যে পুরাতন ইট ছিল সেগুলো চেয়ারম্যান সরিয়ে দিয়েছেন। কিন্তু ইট কোথায় রেখেছেন সেটা তার জানা নেই। আর চেয়ারম্যান শফিদুল ইসলাম জানান, ইট তিনি বাড়িতে নিয়ে রেখেছেন। এই ইট অন্য একটি রাস্তায় ব্যবহার করা হবে। ইট নষ্ট না করে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন ইউপি চেয়ারম্যান। কত ইট উঠানো হয়েছে জানতে চাইলে চেয়ারম্যান শফিদুল বলেন, এই হিসাব তিনি করেননি। রাস্তায় যে ইট পেয়েছেন সবই উঠিয়ে নিয়ে রেখেছেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার জানান, রাস্তার কিছু ইট উঠিয়ে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে এমনটি তিনি জানতেন, কিন্তু বাড়িতে রেখেছেন এটা তার জানা নেই। এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন বলে জানান। চেয়ারম্যান শফিদুল ইসলাম বলছেন, ইটগুলো হাতছাড়া না করে গ্রামের অন্য একটি রাস্তায় ব্যবহারের জন্য তিনি বাড়িতে রেখেছেন।