মহেশপুরে মোটরসাইকেলে এসে পেছন থেকে গুলি, আহত- ১

0

মহেশপুর (ঝিনাইদহ ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতিকে (৫২) গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৪টার দিকে মহেশপুরের ভাষাণপোতা গ্রামের মাঠের মধ্যে।

এলাকাবাসী জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি মোটরসাইকেলে ভৈরবার দিকে আসার সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।

পরে পথচারিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের থাকা ডা. মাহামুদা জানান, মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলিতে আহত অবস্থায় নিয়ে আসে। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করা হয়েছে।

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্যে যশোরে নিয়ে যাওয়া হয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানায়, আহত মতিয়ার রহমান মতির অবস্থা গুরুতর হওয়ায় তাবে ঢাকায় রেফার করা হয়েছে।