মহেশপুরে মাটিবাহী ট্রাক্টরে নষ্ট হচ্ছে কোটি টাকার সড়ক

0

জিয়াউর রহমান জিয়া ,মহেশপুর(ঝিনাইদহ)॥ ঝিনাইদহের মহেশপরে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি রাস্তা নষ্ট হচ্ছে বিভিন্ন ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের কারণে। একের পর এক রাস্তা নষ্ট হলেও প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভূমিকায়। এক প্রকার সড়কের ঘাতক বলে পরিচিত ট্রাক্টরের দখলে রয়েছে পৌর এলাকাসহ সীমান্তবর্তী উপজেলার সংযুক্ত রাস্তাগুলো। ট্রাক্টরের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে কাঁচা ও পাকা সড়ক। এছাড়া এ সকল ট্রাক্টরের বেপরোয়া গতিতে চলাচলের কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
গ্রামীণ সড়কে চলাচলকারী এবং রাস্তার পাশে বসবাসকৃত জনসাধারণ অবৈধ ট্রাক্টরের জুলুমে অতিষ্ঠ হয়ে উঠেছে। উপজেলা এলাকার মহাসড়ক ও গ্রামীণ সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ এ ট্রাক্টর। চাষাবাদের জন্যে আমদানিকৃত ট্রাক্টর এখন অবৈধ ট্রাক বা পরিবহন হয়ে গ্রামীণ জনপদে সর্বনাশ ঘটাতে শুরু করেছে।

স্থানীয়রা জানান,সরকারের কোটি কোটি টাকার রাস্তাঘাট ধ্বংস করছে ইটভাটার ট্রাক্টর।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহরিয়া আকাশ বলেন,মাটি বোঝাই ট্রাক্টরের চলাচলের কারণে নবনির্মিত পাকা রাস্তাগুলোর ক্ষতি হচ্ছে। তারপরও আমরা কিছু করতে পারছি না। কারণ মাটি বোঝাই ট্রাক্টরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব আমাদের না।
মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জনান, আমি যোগদানের পর থেকে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে জেল-জরিমানা করেছি। তিনি আরও বলেন, মাটি ও বলি উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, কে কার জমি থেকে মাটি কাটছে আর কোথায় নিয়ে যাচ্ছে আমাকে জানালে আমি আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।