মহেশপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ বাজার থেকে ৪০৬ বোতল ফেনসিডিলসহ মাসুম মোড়ল ও ইমরান নাজির নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সীমান্তবর্তী গুড়দহ বাজার থেকে তাদের আটক করা হয়। আটক মাসুম মোড়ল (৩৫) যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের আব্দুল মালেক মোড়লের ছেলে। অন্যদিকে ইমরান নাজির (২৪) যশোরের শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের তাইজেল গাজীর ছেলে।
সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার মহেশপুরের গুড়দাহ বাজারে দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই আশিষ দাসের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩টি বস্তার ভেতর থেকে ৪০৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) রাজু আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও ডিবি ওসি শাহীন উদ্দিন উপস্থিত ছিলেন। দত্তনগর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই আশিষ দাস জানান, গাড়ির ড্রাইভার মাসুম মোড়ল একজন পেশাদার মাদক পাচারকারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।