মহেশপুরে চলছে মাটি ও বালি কাটার উৎসব

0

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরকারি অনুমতি ছাড়াই প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব। উপজেলার পৌর এলাকাসহ ১২টি ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দিনে রাতে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি বালি। সেই সাথে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি ও সরকারি খাল-বিল থেকে মাটি আর বালি কাটা হচ্ছে। এসব মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। আর বালি যাচ্ছে মহেশপুরসহ বিভিন্ন উপজেলার নির্মানাধীন বাড়ি ও রাস্তায়।
মহেশপুর উপজেলার এসবিকে,ফতেপুর, পন্তাপাড়া,স্বরুপপুর,শ্যামকুড়, নেপা,কাজীরবেড়, বাঁশবাড়িয়া, যাদবপুর, নাটিমা, মান্দারবাড়িয়া,আজমপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হারে চলছে মাটি কাটার ও বালি উত্তোলনের প্রতিযোগিতা।
নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক সাংবাদিকদের কাছে মাটি কাটার কারণে ফসলি জমির ক্ষতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
বিভিন্ন ফসলি জমি ২০ ফুট গর্ত করে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। এতে পাশের ফসলি জমি ধসে পড়ছে।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আসাদুজ্জামান জানান,মাটির ওপরের স্তর বেশ উর্বর। এই সিন্ডিকেটের ফলে ফসলি জমি বেশ হুমকির মুখে পড়ছে। মাটি কাটার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি প্রয়োজন। অন্যথায় মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ শাওন জানান, আমি এসব সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে পদক্ষেপ নিলেও পরর্বতীতে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ব্যবসা করছে কয়েকটি সিন্ডিকেট।