মহেশপুরে গুলি করে হত্যাচেষ্টাকারী আটক

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান মতি (৫২)নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশের অভিযানে ইব্রাহীম ওরফে ইব্রাকে আটক হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে বাগাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রা বাগাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানায়, সোমবার বিকেল ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামের আজিজুরের ছেলে মতিয়ার রহমান মতি মোটরসাইকেলে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষাণপোতা মাঠের মধ্যে পৌঁছালে হত্যার চেষ্টায় পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যান তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা।

পরে গুরুতর আহত অবস্থায় মতিকে উদ্ধার করে প্রথমে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

এলাকার বিভিন্ন সূত্র জানায়, গুলিবিদ্ধ মতিয়ার রহমান মতি সীমান্ত এলাকায় সোনাসহ চোরাচালানের ঘাট নিয়ন্ত্রণ করেন। চোরাচালান ও টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষ তরিকুল ইসলাম আকালের সঙ্গে বিরোধ চলছিল তার।

সোমবার বিকেলে ভারতে পালিয়ে থাকা তরিকুল ইসলাম আকালে সেখান তেকে এসে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা মতিকে হত্যার জন্যে গুলি চালান। এরআগেও মতির ওপর গুলিবর্ষণ করেন তারা।

মহেশপুর-কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সায়েম ইউসুফ জানান, এ ঘটনায় বাঘাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে ইব্রাহীম ওরফে ইব্রাকে পুলিশ গ্রেফতার করেছে। তরিকুল ইসলাম আকালেকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। গুলিটি তার পিঠের পেছন থেকে শরীরের মধ্যে প্রবেশ করেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।