মহেশপুরে কৃষি ফার্মের জমি দখল করে ইউপি সদস্যের দোকান নির্মাণ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার দত্তনগর বাজারে দত্তনগর কৃষি ফার্মের জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্বরুপপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে।
এশিয়ার বৃহত্তম দত্তনগর কৃষি ফার্মের আওতায় রয়েছে গোকুলনগর,পাথিলা,করিঞ্চা ও কুশাডাঙ্গা ফার্ম। কৃষি ফার্মগুলোর মোট জমির পরিমাণ ২ হাজার ৭৩৭ একর। এখানে অফিস,বাসভবনসহ একটি বড় বাজার রয়েছে যার নাম দত্তনগর বাজার। এ বাজারটা মূলত দত্তনগর কৃষি ফার্মের জমির ওপর। এ বাজারের জমিগুলো বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের ক্যাডার ও ক্ষমতাসীন দলের ইউপি সদস্যরা দখল করে মার্কেট বা দোকান ঘর নির্মাণ করে আসছে। সে কারণে দিন দিন দত্তনগর কৃষি ফার্মের জমিগুলো বেদখল হয়ে যাচ্ছে। এর মধ্যে স্বরুপপুর ইউনিয়ন পরিষদের সদস্য নিজ ক্ষমতা বলে দত্তনগর কৃষি ফার্মের জমি দখল করে দুটি পাকা দোকান ঘর নির্মাণ করছেন। যা দেখার বা বাধা দেওয়ার কেউ নেই।
কয়েকজন দোকানদার জানান, আমাদের বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম ও এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা কৃষি ফার্মের জমি দখল করে দোকান নির্মাণ করার পর তা অন্যের কাছে ভাড়া দিয়ে আসছেন বেশ কিছু দিন ধরে। স্বরুপপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, আমি ঘর নির্মাণ কাজে ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলবো। স্বরুপপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার জানান, দোকার ঘর দুটি যেখানে নির্মাণ হচ্ছে সে স্থানটি পান্তাপাড়া ইউনিয়নের মধ্যে পড়েছে। তাই আমার কিছু করার নেই।