মহেশপুরে অনলাইন জুয়ায় নিমিশে শেষ কোটি টাকা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে অনলাইন জুয়া বা বিটকয়েন প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন অনেক তরুণ। অর্থ হারানোর শোকে খালিশপুর বাজার ও আশপাশ এলাকায় আহাজারি চলছে। অভিযোগ উঠেছে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন দরে খালিশপুর বাজারের কনিকা ও রঙধনু স্টুডিও এলাকায় অনলাইনে বিটকয়েন লেনদেন চলছে। খালিশপুর ও আশপাশের গ্রামের যুবক ও তরুণরা এই ব্যবসায় বিনিয়োগ করে কোটি কোটি টাকা হারিয়ে পথে বসেছে বলে অভিযোগ।
আল আমিন নামে এক যুবক জানান, তিনি তার দুলাভাইয়ের মাধ্যমে এই ব্যবসায় আসেন। জমিজাতি বিক্রি করে ইতোমধ্যে দুই কোটি টাকা বিনিয়োগ করেন। এখন সেই দুলাভাই গা-ঢাকা দিয়েছেন। শুধু আলামিন নয়, এমন শ শ যুবক পথে বসেছে। খালিশপুর বাজারের একাধিক মিষ্টি ব্যবসায়ী এই ব্যবসায় বিনিয়োগ করে এখন পথের ফকির। খালিশপুর বাজার বাসস্ট্যান্ডে একদল যুবক এই প্রতারণার সাতে জড়িত। তারা উঠতি বয়সের ছেলেদের মাঝে নেশার মত ছড়িয়ে দিয়েছে এই অনলাইন জুয়া ও চমকপ্রদ লোভ দেখিয়ে বিটকয়েনের মত প্রতারণা ব্যবসা। কিন্তু যুবকরা না বুঝেই এ ফাঁদে পা দিয়েছে বলে তারা জানান। সরজমিন জানা যায়, এলাকার কয়েকশ যুবক এই ব্যবসার সাথে জড়িত। আলামিনের ভাষ্যমতে, তার দুলাভাই এই ব্যবসার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছেন। এই ব্যবসায় জড়িয়ে তিনি প্রায় দুই কোটি টাকার জমি বিক্রি করে বিভিন্ন আনলাইন সাইটে বিনিয়োগ করেছেন বলেও স্বীকার করেন। পরর্বতীতে কোম্পানিগুলো লস দেখিয়ে আমার বিনিয়োগের আসল টাকাও হাতিয়ে নিয়েছে।
খালিশপুর বাজারের দুলাল সুত্রধর জানান, জুয়া খেলে বিভিন্ন মানুষের লাভ দেখে আমি স্থানীয় এনজিওর কাছ থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে অনলাইনে কয়েন ক্রয় করি। পরর্বতীতে বিশ্ব বাজারে কয়েনের মূল্যহ্রাস হওয়ায় আমার সকল বিয়োগের হারিয়ে যায়। এখন আমি জমিতে কামলা দিয়ে লোন শোধ করছি। প্রত্যন্ত অঞ্চলে অনলাইন জুয়া খেলার লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। রাশিয়া থেকে পরিচালিত জুয়ার সাইট বেটউইনারসহ একাধিক সাইটে বাংলাদেশিদের লেনদেনের সুবিধার জন্যে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট ও উপায় যুক্ত রয়েছে। ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করার সুযোগ পাচ্ছে বিনিয়োগকারীরা। ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা যায় এসব সাইটে।
অন্যদিকে বাংলাদেশে ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিং খাতে দেশে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৩৩০। ২০২১-২২ অর্থবছরে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশসহ মোট ১৫টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৯ লাখ ৯০ হাজার কোটি টাকার লেনদেন করেছে। আর ওই অর্থবছরে জাতীয় বাজেট পেশ করা হয় ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এমন টালমাটাল অবস্থায় ঝিনাইদহ জেলা পুলিশ ও প্রশাসন বিষয়টি নজরে না নিলে ঝিনাইদহ অঞ্চলের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বলে আশংকা করছেন এলাকাবাসী।
বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন জানান, এ বিষয়ে তিনি অবগত নন। খালিশপুর বাজারে এমন ব্যবসা যদি চলে থাকে তবে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।