মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান

0
'নবীজির (সা.) আদর্শই হবে দেশ পরিচালনার মূলমন্ত্র'; সংবর্ধনা মঞ্চে তারেক রহমানের ঐতিহাসিক ঘোষণা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশের মাটিতে পা রেখেই দেশ গড়ার নতুন অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ভাষণ দেন। ৩টা ৫০ মিনিটে মঞ্চে উঠেই তিনি লাখো জনতার উদ্দেশে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূলনীতি তুলে ধরেন।

তারেক রহমান তাঁর বক্তব্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি—আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি দেশের মানুষের পরিশ্রম করার মানসিকতা এবং আল্লাহর রহমতের ওপর আস্থা রেখে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে বিমানবন্দর থেকে লাল-সবুজের বিশেষ বাসে চড়ে জনসমুদ্র পাড়ি দিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত রাস্তার দু’ধারে অপেক্ষমাণ লক্ষ লক্ষ মানুষ ‘বীরের বেশে তারেক রহমান, ফিরে এলো বাংলাদেশে’ স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলেন। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর নেতার এমন প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো এলাকায় এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।