মহশেপুর সীমান্ত থেকে চারদিনে আটক ৫৬

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ দীর্ঘদিন বন্ধ থাকার পর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ধুড় পাচার বৃদ্ধি পেয়েছে। রোববার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয়সহ ২০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। এই নিয়ে গত চারদিনে ৫৬ জনকে আটক করলো বিজিবি।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুরের ৫৮ বিজিবির অধিনায়ক এইচএম সালাহউদ্দিন চৌধুরী বলেন, রোববার সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় ৫৮ বিজিবির মাটিলা বিওপির টহল দল ২০ জন নারী- পুরুষকে আটক করে। তাদের মধ্যে একজন শিশু, নারী ৯ জন, ১০ জন পুরুষ রয়েছে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় আর বাকিরা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইলসহ বিভিন্ন জেলার। এদিকে গত ১৪ ফেব্রুয়ারি একই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩৬ জনকে আটক করে বিজিবি। এরমধ্যে ১৫ জন নারী, ১৬ জন পরুষ ও বাকি পাঁচজন শিশু। আটক ৩৬ জনের মধ্যে বেশিরভাগই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তারা সবাই দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ ও ভারতে প্রবেশের চেষ্টা করেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, বিজিবির হাতে আটকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বিজিবির পক্ষ থেকে আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।