মনিরামপুরে স্ত্রীর গলা কেটে আত্মহত্যা স্বামীর

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে সাংসারিক কলহকে কেন্দ্র করে গভীর রাতে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী পারভীনা খাতুনের গলা কেটে হত্যাচেষ্টার পর পালিয়ে যান স্বামী উজির আলী। পরে বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার নেহালপুর গ্রামে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পারভীনা খাতুনকে(৩০) উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বালিধা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ভ্যানচালক উজির আলী(৫৬) তৃতীয় স্ত্রী পারভীনা খাতুনকে নিয়ে নেহালপুর বাজারের পাশে একটি বাসা ভাড়া নিয়ে সংসার করে আসছিলেন। নেহালপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসাইন জানান, সংসারিক কলহ নিয়ে তাদের স্বামী- স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ঘরের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে উজির আলী পারভীনার গলাকেটে হত্যার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন টেরে পেয়ে এগিয়ে এলে উজির আলী পালিয়ে যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পারভীনাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে রাতে পারভীনার গলা কেটে পালিয়ে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বাড়ির পাশে সজিনা গাছে উজির আলীর ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী নেহালপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান, সকাল নয়টার দিকে গাছ থেকে উজির আলীর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
উজির আলীর বড় স্ত্রীর ছেলে তরিকুল ইসলাম জানান, তার পিতা ইতোপূর্বে পারভীনাকে বিয়ে করেন। কিন্তু সাংসারিক কলহের কারণে পারভীনা তার পিতাকে ডিভোর্স দেন। গত বছর অক্টোবর মাসে তার পিতা পুনরায় পারভীনাকে বিয়ে করে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তরিকুলের ধারনা সাংসারিক কলহের কারণে অনুশোচনায় তার পিতা আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ধারনা করা হচ্ছে সাংসারিক কলহকে কেন্দ্র করে ছোট স্ত্রীর গলাকাটার পর অনুশোচনায় উজির আলী আত্মহত্যা করেছেন।