মনিরামপুরে রোপা আমন ক্ষেতে মাজরা পোকার আক্রমণ : দিশেহারা কৃষক

0

ওসমান গণি. রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চলে রোপা আমন ক্ষেতে গোড়া পচা রোগসহ পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের শ শ কৃষক। এছাড়া পানির অভাবে বিবর্ণ হয়ে গেছে ক্ষেতের ফসল।
গত বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের পর বৃহত্তর এ উপজেলার একটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়নের কৃষকেরা রোপা আমনের বাম্পার ফলনের আশায় বুক বেধেছিলেন। কিন্তুু ধান ক্ষেতে হঠাৎ করে মাজরা পোকার আক্রমণ ও গাছের গোড়া পচা রোগ দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা কীটনাশক ক্ষেতে দিয়েও পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ ঠেকাতে পারছেন না কৃষকেরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার হানুয়ার গ্রামের ইমদাদুল নামের এক কৃষকের তিনবিঘা একই গ্রামের নুর ইসলামের দেড়বিঘা জমিতে, মফিজুর রহমানের দেড়বিঘা, লাভলু সরদার ৫বিঘা, আবু বক্কারের একবিঘা, মোশারফ হোসেনের একবিঘা, মহসিনের দশ শতক, হাজী জামশেদ আলীর একবিঘা, নেদু খোকনের দেড়বিঘা জমিতে মাজরা পোকার আক্রমণ ও ধান গাছের গোড়া পচা এ রোগটি দেখা দিয়েছে। সেই সাথে অন্যান্যে জমিতেও দেখা দিয়েছে এ রোগ। ক্ষেতে মাজরা পোকার আক্রমণ ও গাছের গোড়া পচা রোগ এবং তীব্র পানি সংকটের কারণে ধান গাছ ও পাতা কালো ফোঁটা ও হলুদ বর্ণের হয়ে মারা যাচ্ছে।
ঝাঁপা ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভগিরাত চন্দ্র জানান, সার্বক্ষণিক প্রতিটা ব্লকে গিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং যেখানে সমস্যা দেখছি সেখানেই কৃষকদেরকে ডেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ঝাঁপা ইউনিয়নের কৃষকদের সাথে সার্বক্ষণিক মতবিনিময় করায় অনেক এলাকা এখন পোকার আক্রমণ ও গাছের গোড়া পচা রোগ থেকে মুক্ত বলে দাবি করেন এ কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা অঞ্জলী রানী জমাদ্দার জানান, বৃহত্তর মনিরামপুর উপজেলার ১টি পৌরসভা এবং ১৭টি ইউনিয়নে চলতি রোপা আমন মৌসুমে ২২ হাজার ৬৮০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১লাখ ১৫ হাজার ৬৬৮ মেট্রিকটন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বে থাকা উদ্ভিদ সংরক্ষণ ও রোগ বালাইসহ পোঁকা মাকড় দমন প্রতিরোধ কর্মকর্তা তবিবুর রহমান জানান, রোপা আমন ক্ষেতে মাজরা পোকার আক্রমণ হলে ক্ষেতে গাছের ডাল বসানোসহ রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে মাজরা পোকা দমনে ও খোলপচা রোগের জন্য ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে। এই ব্যবস্থাগুলো করলেই পোকার হাত থেকে রোপা আমন ক্ষেত বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন এ কৃষি কর্মকর্তা।