মনিরামপুরে প্রতিরোধের মুখে ম্যাজিস্ট্রেট দুই আনসারকে মারপিট স্থানীয়দের

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে বৃহস্পতিবার রাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করাতে গিয়ে ব্যবসায়ীসহ এলাকাবাসীর প্রতিরোধের মৃুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। এ সময় বিক্ষুব্ধরা মারধরে আহত করে ম্যাজিস্ট্রেটের সাথে থাকা দুইজন আনসার ও ভিডিপি সদস্যকে। খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করাতে অভিযানে নামেন। এ সময় তার গাড়িতে ছিলেন একজন ফায়ার সার্ভিসের কর্মী এবং দুইজন আনসার ও ভিডিপি সদস্য। মনিরামপুর পৌর শহর থেকে বেগারীতলা বাজারে যাবার সময় দেখা যায় রাস্তার পাশে দোকানপাট খোলা এবং সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। ফলে তিনি সবাইকে সামাজিক দূরত্ব মানার জন্য কড়া নির্দেশনা দেন। পরে ফেরার পথে জালঝাড়া মাদ্রাসা মোড়ের সামনে একটি চায়ের দোকানে মানুষের উপচেপড়া ভিড় দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে তার গাড়ি থামান।
গাড়ি থেকে ফায়ার সার্ভিসের কর্মী আবদুস সালাম এবং আনসার সদস্য বিল্লাল হোসেন ও আবু হুরাইরা নেমে দোকান বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে কড়াকড়ি করেন। এ সময় হুড়োহুড়ি করে চায়ের দোকানটি বন্ধের সময় একটি টেলিভিশন ভেঙে যায়। এ নিয়ে চা দোকানিসহ উপস্থিত লোকজনের সাথে আনসার সদস্যদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন আনসার সদস্যদের ওপর হামলা চালায়। অবশ্য এ সময় অবস্থা বেগতিক দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি সেখান থেকে দ্রুত চলে যায়। পরে বিক্ষুব্ধ লোকজন আনসার সদস্য আবু হুরাইরা এবং বিল্লাল হোসেনকে মারধর করে। এর আগে ফায়ার সার্ভিসের কর্মী আবদুস সালাম কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে ফাায়ার সর্ভিসের কর্মীরা গিয়ে আহত দুইজনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, ওসি রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে জানার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র দোলদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, তদন্ত করে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে শুক্রবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোন লিখিত অভিযোগ করা হয়নি।