মনিরামপুরে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে পানিবন্দি ছয়টি ইউনিয়নের তিন শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ মনিরামপুর সমিতি। একই সাথে বিনামূল্যে সাত হাজার মানুষের চিকিৎসার্থে চারটি মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলার নেহালপুর ইউনিয়নের টেকেরঘাট স্কুল মাঠ, কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটি মোড়, মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা ঈদগাহ, হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজার এবং শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা মহিলা মাদ্রাসা মাঠে দরিদ্র ৩২০ পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, চিড়া, তেল, খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর সমিতি ঢাকার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এস এম আতাউর রহমান কনি, সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কোষাধ্যক্ষ ড.হুমায়ুন কবির বাবলা,দপ্তর সম্পাদক আব্দুস সবুর হোসেন, নাজমুল হক টিটো, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এদিকে গত বুধবার রাতে মনিরামপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মনিরামপুর সমিতি ঢাকার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আবুল কালাম আজাদ জানান, পানিবন্দি এলাকার দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়া আগামী ১৬ ও ১৭ অক্টোবর চারটি স্থানে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করে সাত হাজার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা (ওষুধসহ) প্রদান করা হবে।