মনিরামপুরে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে টমেটো বোঝাই ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী শ্যামকুড় ইউনিয়নের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী নিহত হয়েছেন।

সোমবার রাত ১০ টার দিকে রাজারহাট-চুকনগর সড়কের মনিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ঘুঘুরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে। পুলিশ চালককে আটক করতে না পারলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

শ্যামকুড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনিসুর রহমান লিটনসহ এলাকাবাসী জানান, নয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি চার সন্তানের জনক ইউনুস আলী(৪৮) সোমবার রাতে যশোর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় তিনি মনিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ের কাছে পৌছালে বিপরীত থেকে আসা টমেটো বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ভেঙে দুমড়ে- মুড়চে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন ইউনুস।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দুইটার দিকে ইউনুস আলীর মৃত্যু হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, কোন অভিযোগ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিহত ইউনুস আলীর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।