মনিরামপুরে ছিনতাই হওয়া অটো ভ্যান উদ্ধার, আটক- ৫

0

স্টাফ রিপোর্টার ॥ মনিরামপুরে চালক ও যাত্রীকে মারধর এবং বেঁধে রেখে অটো ভ্যান ছিনতাইয়ের সাথে জড়িত চক্রের ৪ সদস্যসহ পাঁচ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার রাতে যশোর শহর ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ভ্যান ও মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন বাগেরহাট সদর উপজেলার মিরেরডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে বর্তমানে যশোর শহরের খড়কি বামনপাড়ার বাসিন্দা মজিবর রহমান (৬০), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর পশ্চিমপাড়ার মৃত জবেদ আলীর ছেলে নূরনবী (৪৫), মৃত আবুল কাশেমের ছেলে ইমাদুল মীর ওরফে টাইগার (৬৫), মৃত মিকাইল হোসেনের ছেলে বাবু (৪২) ও কাশিপুর রেলগেট এলাকার মৃত হোসেন আলীর ছেলে মিঠু (৩৩)।

ডিবি পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে চালক নুরুল ইসলাম মোল্লা (৬৬) মনিরামপুর পৌরসভার গরু হাটার মোড় থেকে যাত্রী ইসহাক আলীকে নিয়ে দেবীদাসপুর গ্রামের স্লুইচ গেটের দিকে যাচ্ছিলেন। পথে হাকোবা গ্রামের ডিপোর মোড়ে পৌঁছালে ৫ জন দুর্বৃত্ত ভ্যানের গতিরোধ করে এবং চাবি কেড়ে নেয়। এরপর তারা লোহার রড দিয়ে চালক নুরুল ইসলাম মোল্লা ও যাত্রী ইসহাক আলীকে মারধর করে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাদেও বেঁধে রেখে নুরুল ইসলাম মোল্লার ভ্যান এবং ইসহাক আলীর কাছ থেকে ১টি মোবাইল ফোন সেট কেড়ে নিয়ে পালিয়ে যান। পরে সেখান থেকে উদ্ধার হয়ে মনিরামপুর থানায় মামলা করেন চালক নুরুল ইসলাম মোল্লা।

সূত্র জানায়, মামলা দায়েরের পর ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব ও এসআই বিপ্লব কুমার সরকার ছিনতাইয়ের সাথে জড়িতদের শনাক্ত এবং আটকের জন্য অভিযানে নামেন। এক পর্যায়ে নানা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে যশোর শহর ও ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ভ্যান ছিনতাইয়ের সাথে জড়িত চক্রের ৪ সদস্য মজিবর রহমান, নূরনবী, ইমাদুল মীর ও মিঠুকে ১টি মোবাইল ফোনসেটসহ আটক করেন তারা।

এরপর তাদের স্বীকারোক্তিতে বাবুকে আটক এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়। আটক ছিনতাইকারীরা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তারা ভ্যান ছিনতাই করে বাবুর কাছে বিক্রি করেছিলেন।