মনিরামপুরে আমন ধান সংগ্রহে আবারও ১ হাজার কৃষকের তালিকা যাচাই বাছাই

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে নতুন করে কৃষকের তালিকা যাচাই বাছাই করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির মাধ্যমে এক হাজার কৃষকের তালিকা প্রস্তুত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। এ সময় উপস্থিত ছিলেন আমন ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, সহকারী কমিশনার(ভূমি) সাইয়েমা হাসান, কৃষি অফিসার হীরক কুমার সরকার, খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার(ওসিএলএসডি) মনিরুজ্জামান মুন্না, খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান। খাদ্য গুদামের ওসিএলএসডি মনিরুজ্জামান মুন্না জানান, এ বছর আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ৫৩১ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত হয়। সেই লক্ষ্যে প্রথম ধাপে লটারির মাধ্যমে বাছাইকৃত ২ হাজার ১৫০ জন কৃষকের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা ধরে ২৭ জানুয়ারি পর্যন্ত ৯৫০ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ১৪৩ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে নতুন করে লটারির মাধ্যমে আরও এক হাজার কৃষক বাছাই করা হয়েছে। পুরাতন ও নতুন তালিকা থেকে আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত বাকি ধান সংগ্রহ করা হবে।